প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারের পাশে আল ইহসান

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: 9:48 PM, July 18, 2026

 

শেখ আছলামঃ

মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে আল ইহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার। প্রতিষ্ঠানের উদ্যোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার কান্দিপাড়া গ্রামে জরুরি ত্রাণ বিতরণ ও পারিবারিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া এবং ১ বক্স ওরস্যালাইন প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ইহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো. আব্দুল আজিজ খান, চিফ অ্যাডমিন অফিসার মোজাম্মেল হোসেন পলাশ, প্রিন্সিপাল রুনা লায়লা, চিফ আইটি অফিসার ওমর ফারুক, অ্যাকাউন্টস অফিসার আশরাফ আলী, সিনিয়র শিক্ষক মেহেরুন্নেসা ও মাকসুদা আক্তার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আল ইহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে খাদ্যসামগ্রী তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কান্দিপাড়া গ্রামের দুটি এতিম কন্যাকে আল ইহসানের সাহেরা খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানায় সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। সংশ্লিষ্ট পরিবার জানায়, এতিমখানায় তাদের সন্তানরা বিনামূল্যে খাদ্য, শিক্ষা, পোশাক, চিকিৎসা ও আবাসনের সুবিধা পাচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
এ সময় নির্বাহী পরিচালক মো. আব্দুল আজিজ খান বলেন, “আল ইহসান সবসময় অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে। সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা সম্ভব হবে।”