দেশে ফিরেছেন ২৬৯০৯ হাজি

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: 8:53 AM, June 29, 2024

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ২৬ হাজার ৯০৯ জন হাজি। আর এবার হজে গিয়ে ৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও নারী রয়েছেন ১৩ জন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ৬১টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৬ হাজার ৯০৯ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ১৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে হারুনুর রশিদ (৬৮) নামে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪২ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।